বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।”
সোমবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পাকিস্তান আমাদের ওপর বহু অত্যাচার করেছিল, তাই আমরা আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশ গড়েছিলাম। কিন্তু যারা তখন পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল, আজ তারাই আবার দেশের নেতৃত্ব চাচ্ছে। তিনি প্রশ্ন করেন, “যে দল স্বাধীনতাকেই বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে কি দেশের সর্বনাশ করব?”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, “আপনারা সংখ্যালঘু নন, সবাই বাংলাদেশের নাগরিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার বলেছেন—এই দেশে সংখ্যালঘু কেউ নাই, সবাই সমান।” ভয় না পেয়ে অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিএনপি সব নাগরিকের অধিকার রক্ষায়, বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তায়, আপসহীন থাকবে।
সরকার নিয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “আগে নির্বাচনে ধানের শীষ আর নৌকার প্রতিদ্বন্দ্বিতা হতো। এবার নৌকা নেই, এর কান্ডারি শেখ হাসিনা দিল্লিতে বসে আছেন। তিনি দেশে থাকলে অন্তত গণতান্ত্রিক পরিবেশটা থাকত।”