গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (তারিখ) সকাল পৌনে ১১টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের আউটার সিগন্যাল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম এলাকার মোজাম্মেল হকের কন্যা হাফেজা খাতুন মালা (৩৪), তার মেয়ে তাবাসসুম (৮) এবং ছেলে মারুফ (৫)। নিহত তাবাসসুম স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হাফেজা খাতুন মালা জয়দেবপুর থানার আতুরী এলাকায় শ্বশুরবাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করতেন। সোমবার সকালে পারিবারিক কলহের ঘটনা ঘটে। এরপর তিনি মেয়েকে স্কুলের ইউনিফর্ম পরিয়ে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন।
পরে সকাল পৌনে ১১টার দিকে পূবাইল বাজার রেলগেটের পূর্ব দিকে আউটার সিগন্যাল এলাকায় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
ঢাকা রেলওয়ে পুলিশ ও পূবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একসঙ্গে মা ও দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মাঝে চরম বিষাদ ও ক্ষোভ বিরাজ করছে।