চীনে অতিরিক্ত কাজের চাপের কারণে এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে।
৩২ বছর বয়সী ওই সফটওয়্যার প্রোগ্রামার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। অভিযোগ উঠেছে, মৃত্যুর সঙ্গে লড়াই করার সময়ও তাকে অফিসের নতুন গ্রুপ চ্যাটে যুক্ত করে কাজের নির্দেশ দেওয়া হচ্ছিল। খবর প্রকাশ করেছে গালফ নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে কাজ করার এক পর্যায়ে হঠাৎ তিনি অফিসের ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেও অফিসের পক্ষ থেকে বারবার কাজ সংক্রান্ত বার্তা পাঠানো হয় এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চাপ দেওয়া হয়।
পরে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর চীনের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রযুক্তি খাতের অতিরিক্ত কাজের সংস্কৃতি এবং নিয়োগকর্তাদের অমানবিক প্রত্যাশা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
নিহতের পরিবার জানিয়েছে, একাধিক দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে তিনি চরম মানসিক ও শারীরিক চাপে ভুগছিলেন। তাদের অভিযোগ, কাজের চাপই তার মৃত্যুর মূল কারণ। এ ঘটনায় পরিবারটি সংশ্লিষ্ট কোম্পানিকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেছে।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর প্রযুক্তি খাতে প্রচলিত দীর্ঘ কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন এই ঘটনাকে “আধুনিক দাসত্বের এক নিষ্ঠুর উদাহরণ” বলে আখ্যা দিয়েছেন।