রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী–নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম। অপর দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানায়, বিকেলে একটি অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শান্ত ইসলাম মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়।
শান্ত ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়রা রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এদিকে দুর্ঘটনার পর পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহী হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন,
“দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন শিক্ষার্থী মারা যান। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা আন্দোলন করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।”