মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কর্মস্থলে দুর্ঘটনায় লিটন দাস (২৩) নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে কাতারের একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের চারতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত লিটন দাস কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার বাসিন্দা এবং নান্টু দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাতারে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ করার সময় হঠাৎ অসুস্থতা বা মাথা ঘোরার কারণে লিটন দাস ভারসাম্য হারিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বন্ধু জামিল আহমেদ বলেন, “আমরা জানতে পেরেছি, কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে লিটনের মৃত্যু হয়েছে।”
এই দুর্ঘটনায় কাতারে অবস্থানরত তার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দেশের বাড়িতেও পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।