বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নারায়ণগঞ্জ জেলার জন্য বড় ধরনের সমস্যা। এসব অনিয়ম নিয়ন্ত্রণ করে একটি নিরাপদ ও বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে চান তারা। একই সঙ্গে মা-বোনরা যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারেন, সে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পটে মাদকের ব্যবসা চলে। আমরা ক্ষমতায় গেলে এসব স্পট চিহ্নিত করে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেব।”
তারেক রহমান আরও বলেন, “আমাদের আরেকটি বড় লক্ষ্য হলো যুবসমাজ। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে দেশি ও বিদেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, যাতে তারা অপরাধ বা মাদকের পথে না যায়।”
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।