ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
স্থানীয় সময় সোমবার ভোরে ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রার কিছু সময় পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ডুবে যায়।
ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এখন পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১৪৪ জন নিখোঁজ, যাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বাসিলান প্রদেশের একটি শহরের মেয়র আর্সিনা লাজা কাহিং-নানোহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি কোস্ট গার্ড পরিচালিত উদ্ধার অভিযানের ভিডিও শেয়ার করেন, যেখানে যাত্রী উদ্ধারের পাশাপাশি মরদেহ জাহাজে তোলার দৃশ্য দেখা যায়।
এদিকে, বাসিলান জরুরি পরিষেবা সংস্থার কর্মকর্তা রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে জানান, এ পর্যন্ত অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহত ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে কোস্ট গার্ডের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে নৌদুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত শুক্রবার মিন্দানাও থেকে চীনের উদ্দেশে যাত্রাকালে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যায়, যাতে দুই ফিলিপিনো নাবিক নিহত হন এবং এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।