ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে ১০ দল থেকে জোটটি পুনরায় ১১ দলীয় রূপ নিল।
শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবার পার্টির জোটে যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে ১১ দলীয় জোট গঠনের ঘোষণা দেওয়া হলেও আসন সমঝোতা নিয়ে মতানৈক্যের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি। ফলে তখন জোটটি ১০ দলে সীমিত হয়ে পড়ে এবং ইসলামী আন্দোলন আলাদা পথে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় এক পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই জোটে নতুন একটি রাজনৈতিক দল যুক্ত হতে যাচ্ছে। শনিবারের ঘোষণায় সেই ইঙ্গিতের বাস্তবায়ন হলো।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেন, “আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক, আধিপত্যমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যেই সম্মিলিতভাবে পথ চলছি। আমাদের এই রাজনৈতিক দর্শনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টি জোটে যুক্ত হয়েছে। এর ফলে আমাদের জোট আবার ১১ দলীয় রূপ পেল।”
লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বলেন, “ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই আমরা ১১ দলীয় জোটে যুক্ত হয়েছি। আমরা এমন একটি অর্থবহ পরিবর্তন চাই, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। আজ থেকে আমরা নতুনভাবে পথচলা শুরু করলাম।”
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে দীর্ঘদিন লেবার পার্টি তাদের মিত্র ছিল। তবে আসন্ন নির্বাচনে প্রত্যাশিত আসন সমঝোতা না হওয়ায় দলটি বিএনপির জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় এবার জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো দলটি।