আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তে আসন্ন বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল—বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে সফরে যেতে অনীহা। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দিলেও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে।
এরপরই আইসিসি কঠোর পদক্ষেপ নেয়। সংস্থাটি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে।
ক্রিকবাজ জানায়, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ নিয়ে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
এর আগে শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করলেও তা নাকচ করে দেওয়া হয়। ফলে আইসিসির সিদ্ধান্ত বহাল থাকে।