নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউরনগর এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে নির্মিত জেলার একমাত্র ম্যুরালটি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ কাজের কারণে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক ও জনপথ অধিদপ্তর এবং প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এটি সরিয়ে নেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজ শেষ হলে আগের আদল ও নকশা অক্ষুণ্ন রেখে ম্যুরালটি যথাযথ স্থানে পুনর্নির্মাণ করা হবে। জেলা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, তাদের অর্থায়নেই সড়কের পাশে একই নান্দনিকতা বজায় রেখে এটি পুনঃস্থাপনের পরিকল্পনা রয়েছে।
ম্যুরাল অপসারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এতে জনমনে ভুল ধারণা তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই ম্যুরালটি দীর্ঘদিন ধরে এলাকার একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে পরিচিত ছিল। মহাসড়ক সম্প্রসারণের প্রয়োজনেই এটি সরানো হয়েছে—পুনর্নির্মাণের আশ্বাসে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং সড়ক নির্মাণ শেষ হলে এটি পুনরায় স্থাপন করা হবে।