আগাম সাধারণ নির্বাচনের পথ খুলে দিতে জাপানের সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এর ফলে আগামী ৮ ফেব্রুয়ারি জাপানে আকস্মিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার দেশটির সংসদের ৪৬৫ সদস্যবিশিষ্ট নিম্নকক্ষ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়। সংসদের স্পিকার ভাঙনের চিঠি পাঠ করার সময় উপস্থিত সংসদ সদস্যরা ঐতিহ্যবাহী ‘বানজাই’ স্লোগান দিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে ১২ দিনের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়, যা আগামী মঙ্গলবার থেকে শুরু হবে।
গত অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সানায়ে তাকাইচি। দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তিনি আগাম নির্বাচন ডাকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন করে জনগণের ম্যান্ডেট পাওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।
সাম্প্রতিক জনমত জরিপে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে। এই উচ্চ জনপ্রিয়তাকে পুঁজি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা হলেও সাম্প্রতিক সময়ে জনসমর্থন হারানো লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অবস্থান আরও সুদৃঢ় করতে চান তিনি।
বর্তমানে এলডিপি ও জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। বিশ্লেষকদের ধারণা, আগাম নির্বাচনের ফলাফল জাপানের রাজনৈতিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।