ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কিষাণহাটে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে মো. আরিফ শেখ (৩৮) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ফরিদপুর সেনা ক্যাম্প।
সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালচামট কিষাণহাট এলাকায় অভিযান চালিয়ে আরিফ শেখকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তি নিজেকে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি পরিচয়ে পরিচয় দিতেন।
সেনা সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে স্থানীয় জনগণের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ শেখ ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি ও হেনস্তার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।