১০ দলীয় জোটের গণসমর্থন দেখে একটি রাজনৈতিক দল আতঙ্কিত হয়ে বিভ্রান্তিকর ও অসংলগ্ন বক্তব্য দিচ্ছে—এমন অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার সকালে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ১০ দল ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। এই ঐক্যের শক্তি ও জনসমর্থন দেখে প্রতিদ্বন্দ্বী পক্ষ দিশেহারা হয়ে পড়েছে বলেই তারা এখন উল্টাপাল্টা কথা বলছে।
আসন্ন নির্বাচনকে জনগণের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর সময় এসেছে। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার সংরক্ষণ সম্ভব হবে।
বক্তব্য শেষে রাজধানীর ভাটারার বাঁশতলা এলাকা থেকে একটি বড় গণমিছিল বের করা হয়। মিছিলে ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।