মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি খাল থেকে নিখোঁজ এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া ২ নম্বর ব্রিজের নিচের খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত ব্যক্তি মো. সোহেল মিয়া (২৭)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নাগরপাড়া গ্রামের মহল আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের টেকুরিয়া বনগ্রাম বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না।
সকালে মরদেহ উদ্ধার হলেও তার ব্যবহৃত অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাই করে চালককে হত্যা করেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।