নির্বাচনের আগে কিছু রাজনৈতিক পক্ষ ১০ টাকা কেজি চালসহ বিভিন্ন সুবিধার কার্ডের লোভ দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে—এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, জনগণের ভোটের অধিকারকে প্রভাবিত করার যেকোনো চোরাপথ আমরা ঘৃণা করি। এখন এমনভাবে সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, যেন ফ্ল্যাট হাতে তুলে দেওয়া হচ্ছে। এটি জনগণের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ওপর হস্তক্ষেপ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কখনো মানুষ কেনার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষের জীবন ও মর্যাদার প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এসব অনৈতিক কাজ করছেন, তারাই এখন অন্যদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, জামায়াত কোনো মিথ্যা আশ্বাস বা অলীক স্বপ্ন দেখায় না। জনগণের ভোট ও ভালোবাসায় যদি দেশ সেবার সুযোগ আসে, তাহলে বাস্তবতা ও যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে। দেশের জনগণের সম্পদ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে।
নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। শনিবার তিনি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন। একই দিনে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সভা শেষে ঢাকায় ফিরবেন। রোববার দুপুর থেকে ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে প্রচারণা চালানোর কথা রয়েছে তার।