বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনী প্রচার-প্রচারণার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে মিরপুরে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় তারা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
এক প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম বলেন, “মিরপুর এলাকায় বর্তমানে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।”
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত সতর্কতা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়।