ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার (সকাল ১০টা) জম্মু-কাশ্মীরের ডোডা জেলার খন্নি টপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সেনা সূত্র নিশ্চিত করেছে।
সেনা কর্মকর্তারা জানান, ২০ জন সেনাসদস্য বহনকারী একটি বুলেটপ্রুফ সেনা যান নিয়মিত টহলে বের হয়েছিল। গন্তব্যে পৌঁছানোর মাত্র এক কিলোমিটার আগে, একটি পাহাড়ি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়ক থেকে ছিটকে পড়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে।
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলেই ১০ জন সেনাসদস্য নিহত হন। আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হেলিকপ্টারে করে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আহত সেনাসদস্যদের উদমপুর কমান্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, ডোডা অঞ্চলের দুর্গম পাহাড়ি ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। তবে এটি যান্ত্রিক ত্রুটি নাকি সড়ক পরিস্থিতির কারণে ঘটেছে—তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ ছাড়া জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও পৃথক শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।