স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৪৯৬ শিক্ষার্থীর অংশগ্রহণে আইইউবির ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারী, বুধবার, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী পাঁচ স্নাতককে দেয়া হয় আচার্য স্বর্ণপদক বা চ্যান্সেলর্স গোল্ড মেডেল। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সমান কৃতিত্বের জন্য “অল-রাউন্ডার” স্বর্ণপদক পান এক স্নাতক।
রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে সনদ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী ড.শহিদুল আলম। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
এসময় আরো বক্তব্য রাখেন,আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিও লুন্ড এবং বিশ্ববিদ্যালযের ছয় অনুষদের ডিনবৃন্দ। সমাবর্তন অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইউবির রেজিস্ট্রার আসিফ পারভেজ।
আইইউবির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক স্নাতককে একটি করে ৫০০ টাকার ‘বুক ভাউচার’ উপহার দেয়া হয়। এই ভাউচার দিয়ে দিয়ে স্নাতকরা অমর একুশে বইমেলায় ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) এবং পাঠক সমাবেশের স্টল থেকে ৫০০ টাকার বই বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে আইইউবির ট্রাস্টি, অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের পাশাপাশি আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন। মূল অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন প্রিতম হাসান, বগা তালেব এবং আইইউবি মিউজিক ক্লাব। নৃত্য পরিবেশন করে আইইউবি ডান্স ক্লাব।