ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (রাত) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চাঁদপুরের পাঁচটি আসনে মোট ৭০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪৬ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩০ জনকে বৈধ ঘোষণা করা হয় এবং ১৬ জনের মনোনয়ন বাতিল হয়। পরে আপিলে ১১ জন প্রার্থীতা ফিরে পান। শেষ পর্যন্ত ৬ জন প্রার্থীতা প্রত্যাহার করায় পাঁচটি আসনে চূড়ান্তভাবে ৩৫ জন প্রার্থী মাঠে রয়েছেন।
চাঁদপুর-১ (কচুয়া): এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন। জমা দেন ৭ জন। যাচাই-বাছাইয়ে বৈধ হন ৪ জন এবং ৩ জনের মনোনয়ন বাতিল হয়। আপিলে ৩ জন প্রার্থীতা ফিরে পান। পরে একজন প্রার্থীতা প্রত্যাহার করায় বর্তমানে এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ): এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০ জন এবং জমা দেন ১২ জন। বৈধ ঘোষণা করা হয় ৫ জনকে, বাতিল হয় ৭ জনের। আপিলে ৫ জন প্রার্থীতা ফিরে পান। পরবর্তীতে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করলে এখানে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
চাঁদপুর-৩ (সদর–হাইমচর): এই আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। যাচাই-বাছাইয়ে ৮ জন বৈধ হন এবং ১ জনের মনোনয়ন বাতিল হয়। আপিলে ওই প্রার্থীতা ফিরে আসে। পরে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করলে বর্তমানে ৭ জন প্রার্থী মাঠে রয়েছেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): এই আসনে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, জমা দেন ১০ জন। যাচাই-বাছাইয়ে বৈধ হন ৬ জন এবং ৪ জনের মনোনয়ন বাতিল হয়। আপিলে ২ জন প্রার্থীতা ফিরে পাওয়ায় বর্তমানে এই আসনে ৮ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি): এই আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন ৮ জন। যাচাই-বাছাইয়ে ৭ জন বৈধ হন, ১ জনের মনোনয়ন বাতিল হয়। পরে ১ জন প্রার্থীতা প্রত্যাহার করায় এখানে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে বিএনপির একক প্রার্থী থাকলেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলটির বিদ্রোহী প্রার্থী হিসেবে এম এ হান্নান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এ ছাড়া ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনিসুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই আসনে এখন জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নসর মো. মকবুল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।