আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বুধবার বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, কমিশনের ওয়েবসাইট অথবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে নিজ নিজ আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে।
ইসি আরও জানায়, ভোট প্রদানের পর আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।
আজ বুধবার ইসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি বিকেল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ভোট দেওয়ার পর হলুদ খামটি আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।
ইসির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দিতে পারবে না। একই সঙ্গে ভোট প্রদানের গোপনীয়তাও সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমসংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।