আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা।
বুধবার দুপুরে তিনি ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।
প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, “গত কয়েকদিন ধরে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। প্রায় প্রতিদিনই মানুষ জানতে চেয়েছেন—নির্বাচনে আমার প্রতীক কী হবে, ব্যালট পেপারে কোন চিহ্নে আমাকে খুঁজে পাবেন। আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকেই আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমরা যে ধরনের রাজনীতি দেখতে চাই—স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি—সেই মূল্যবোধের ওপর ভিত্তি করেই আমাদের ক্যাম্পেইন পরিচালিত হবে।”
ডা. তাসনিম জারা তাঁর নির্বাচনী যাত্রায় সকলের দোয়া ও শুভকামনা কামনা করেন।