রাজধানীর মিরপুরে নির্বাচনী প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৬ জন কর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ওই এলাকায় কিছু সময় চরম উত্তেজনা বিরাজ করে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পর সংঘর্ষ থেমে গেলেও বর্তমানে এলাকাজুড়ে থমথমে ও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন,
“দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”
ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা অভিযোগ করে বলেন,
“দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এর জের ধরেই সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াতের নেতাকর্মীদের জিম্মি করে হামলা ও মারধর করা হয়।”
তিনি আরও বলেন, পরে জামায়াতের অন্য নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়।
সংঘর্ষে আহত জামায়াতের কয়েকজন কর্মীকে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।