সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার, ২০ জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রে নতুন চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও চাঁদের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও চাঁদ দেখা কমিটি জানায়, নির্ভরযোগ্য কোনো সাক্ষ্য পাওয়া না যাওয়ায় রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে। এর পরদিন মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। এ ঘোষণা সৌদি প্রেস এজেন্সিসহ সরকারি বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
শাবান মাস ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস এবং পবিত্র রমজানের আগের মাস হওয়ায় মুসলমানদের কাছে এ মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। এ মাসে অনেক মুসলমান নফল রোজা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করে থাকেন।
হাদিস শরিফে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা পালন করতেন।
সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করে সাধারণত মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ হিজরি মাস নির্ধারণ করে থাকে। ফলে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোতেও একই দিনে শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে মাস শুরু হয়, ফলে সৌদি আরবের সঙ্গে একদিনের পার্থক্য হতে পারে। বাংলাদেশে শাবান মাস শুরুর তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটি পর্যবেক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
শাবান মাস মুসলমানদের জন্য তওবা, আত্মসমালোচনা এবং রমজানের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত।