আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। এর মধ্যেই বাংলাদেশের দাবির পক্ষে শক্ত অবস্থান নিল পাকিস্তান।
বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বিসিবি যে কারণ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে, তা ইসলামাবাদের কাছে যৌক্তিক ও বৈধ বলে মনে হয়েছে। আইসিসি যদি এই সংকটের কোনো গ্রহণযোগ্য সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান বাংলাদেশের পক্ষেই অবস্থান নেবে।
এমনকি প্রয়োজনে পাকিস্তান নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করতে পারে বলে জানিয়েছে পিসিবি। একই সঙ্গে ভারত যেন বাংলাদেশকে চাপ প্রয়োগ করতে না পারে, সে বিষয়েও নজর রাখবে পাকিস্তান।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ন্যায্য এবং কোনো দলকে জোর করে নির্দিষ্ট দেশে খেলতে বাধ্য করা উচিত নয়। বাংলাদেশের সমস্যার সমাধান না হলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি আগেই আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে—ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে তারা আগ্রহী নয়। বিকল্প হিসেবে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দেয়নি আইসিসি।
বরং বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করাতে আইসিসি নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে শনিবার ঢাকায় প্রতিনিধি দল পাঠানো হলেও বিসিবির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
এদিকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তান—এমনটাই জানিয়েছে পিসিবি সংশ্লিষ্ট সূত্র।