তিন দফা দাবিতে আজ সোমবার ফের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি।
রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, এর আগে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে ছাত্রদলের একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল বৈঠক করেছে।
প্রতিনিধিদলে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
বৈঠক শেষে নেতা-কর্মীদের উদ্দেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের কাছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরা হয়েছে। কমিশন বিষয়গুলো শুনেছে এবং যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। এ কারণে রোববারের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ পুনরায় ইসি ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। এ সময় কোনো ধরনের ষড়যন্ত্র বা কৃত্রিম মব তৈরি করা হলে ছাত্রদল তা প্রতিহত করবে।
ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, অতীতের মতো এবারও ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে মব সৃষ্টি করছে এবং ছাত্রদল নির্বাচনবিরোধী—এমন অপপ্রচার চালাচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও একই ধরনের তৎপরতা দেখা গেছে বলে দাবি করেন তিনি। এসব বিষয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং কমিশন বিষয়গুলো বিবেচনায় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পোস্টাল ব্যালট ইস্যুতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, দেশে প্রথমবার পোস্টাল ব্যালটে নির্বাচন আয়োজন করা হলেও এর ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। নির্বাচনের আগেই জামায়াতে ইসলামী ও শিবিরের বিভিন্ন নেতার বাসায় পোস্টাল ব্যালট পৌঁছে যাওয়ার ঘটনা গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এ বিষয়টি ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের স্মৃতি মনে করিয়ে দেয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় দুর্বলতার কথা স্বীকার করেছে এবং দ্রুত তা সংশোধনের আশ্বাস দিয়েছে।
এর আগে রোববার বেলা ১১টা থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।