ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় মস্তফাপুর এলাকার মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার দিকে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মিলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) এবং কুনিয়া দক্ষিণ পাড়ার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)। অন্য নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এই ঘটনায় আহত বাসযাত্রীদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।