পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে করাচির এমএ জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা নামের ওই শপিং মলে আগুন লাগে। রোববার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
করাচির দক্ষিণাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। এর আগে সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ডা. সাবির মেমন জানান, তিনটি মরদেহ হাসপাতালে আনা হয়, যাদের সবাই ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসানুল হাসিব খানও নিহতের সংখ্যা পাঁচ বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার ভোর পর্যন্ত আগুন মাত্র ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, গুল প্লাজায় প্রায় ১ হাজার ২০০টি দোকান রয়েছে। দোকানগুলোতে ক্রোকারিজ, পোশাক, বৈদ্যুতিক সামগ্রী, প্রসাধনী ও পারফিউমসহ বিপুল পরিমাণ দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।
আগুন নিয়ন্ত্রণে আনতে রোববার সকালে বিভিন্ন সংস্থার অন্তত ২০টি ফায়ার টেন্ডার কাজ করছিল। তবে ভবনটি অত্যন্ত পুরোনো হওয়ায় আগুনের তাপে যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে বলে জানান রেসকিউ ১১২২-এর মুখপাত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলার কোনো একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়।
এদিকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া এধি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়েছে।
গার্ডেন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) মোহসিন রাজা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কোনো একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অগ্নিনির্বাপণ কার্যক্রম ও ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভুক্তভোগীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন গভর্নর।