সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও আলোচনার পরিধিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।
সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী, ‘Top 100 Facebook Creators by Social’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩তম। ফেসবুকে তাঁকে ঘিরে তৈরি হওয়া পোস্ট, আলোচনা ও কনটেন্টের সংখ্যার ভিত্তিতে এই র্যাংকিং নির্ধারণ করা হয়েছে।
এই সূচকে তারেক রহমানের অবস্থান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রভাবের বিস্তৃতি নির্দেশ করে।
সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, এখানে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে কেবল সরাসরি কনটেন্ট প্রকাশকারীকেই বোঝানো হয় না। বরং যেসব ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে ফেসবুকে সর্বাধিক আলোচনা, পোস্ট, ভিডিও ও অন্যান্য কনটেন্ট তৈরি হয়, সেগুলোকেও এই বিশ্লেষণের আওতায় আনা হয়। অর্থাৎ ব্যক্তি হিসেবে তাঁর উপস্থিতি ও প্রভাবও এই তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্লেষকদের মতে, এই তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে তারেক রহমান বর্তমানে বিশ্বের আলোচিত রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কার্যক্রম ও তাঁকে ঘিরে চলমান আলোচনার ব্যাপকতা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।