পক্ষপাতদুষ্ট আচরণ ও বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১০টার পর থেকে ধাপে ধাপে নেতাকর্মীরা ইসি ভবনের সামনে জড়ো হতে শুরু করেন।
এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ও নির্দেশনায় কাজ করছে। তিনি দাবি করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে নির্বাচন কার্যক্রম বারবার স্থগিত ও তারিখ পরিবর্তন করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা অবাধে সাক্ষাৎ করছে, যদিও তাদের সেখানে কোনো প্রাতিষ্ঠানিক কাজ নেই। এর মাধ্যমে কমিশনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শাবিপ্রবিতে টানা পাঁচ দিন নির্বাচন বন্ধ রেখে পুনরায় চালু করার ঘটনাকে এর প্রমাণ হিসেবে উল্লেখ করেন ছাত্রদল সভাপতি।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে ছাত্রদল ভালো ফলাফল করছে। এই অগ্রযাত্রা ঠেকাতেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
কর্মসূচিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের ঘেরাও কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশনকে সতর্ক করা হচ্ছে। পক্ষপাতমূলক সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ছাত্রদলের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে,
- পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি করেছে।
- একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব ক্ষুণ্ন করে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ।
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি বলে দাবি ছাত্রদলের।