গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। পরে ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলে জানান তিনি।
স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব ধরনের পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে।
গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, কয়েক শতাব্দী পর ডেনমার্কের উচিত দ্বীপটি ফিরিয়ে দেওয়া। তাঁর ভাষায়, বর্তমান পরিস্থিতিতে বিশ্বশান্তি ঝুঁকির মুখে রয়েছে। তিনি অভিযোগ করেন, চীন গ্রিনল্যান্ড দখলে নিতে আগ্রহী, কিন্তু ডেনমার্ক তা ঠেকাতে সক্ষম নয়।
এ ছাড়া ট্রাম্প বলেন, উল্লিখিত ইউরোপীয় দেশগুলো ‘অজ্ঞাত উদ্দেশ্যে’ গ্রিনল্যান্ডে সক্রিয় রয়েছে এবং তারা একটি অত্যন্ত বিপজ্জনক খেলায় লিপ্ত। তাঁর মতে, এই পরিস্থিতি দ্রুত ও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
এর আগের দিন হোয়াইট হাউসে এক বৈঠকেও গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এ বিষয়ে তাঁর অবস্থানের সঙ্গে যারা একমত হবে না, তাদের বিরুদ্ধে শুল্কসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হতে পারে।
গ্রিনল্যান্ডের জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও দ্বীপটি বিপুল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে এটি ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপন এবং আর্কটিক অঞ্চলের নৌ চলাচল পর্যবেক্ষণের ক্ষেত্রে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।