ইতালিতে এ বছরের শীত গত ১০ বছরের সব রেকর্ড ভেঙে ভয়াবহ শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে, যার প্রভাব পড়েছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় পুরো দেশজুড়ে। কোরিয়েরে দেল্লা সেরা–সহ বিভিন্ন ইতালিয়ান পত্রিকার খবরে বলা হয়েছে, আলপস অঞ্চলের একাধিক স্থানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে, আর ভেনেতোর আসিয়াগো মালভূমিতে তা পৌঁছেছে প্রায় মাইনাস ২৩ ডিগ্রিতে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম চরম নিম্ন তাপমাত্রা হিসেবে ধরা হচ্ছে।
উত্তরের লোম্বারদিয়া, ভেনেতো, ত্রেন্তিনো–আলতো আদিজে ও ফ্রিউলি ভেনেজিয়া জুলিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ে স্বাভাবিক যান চলাচল এবং জনজীবন ব্যাহত হচ্ছে, বহু সড়কে বরফ জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। শুধু পার্বত্য অঞ্চল নয়, সমতল এলাকার শহরগুলোও কাঁপছে তীব্র ঠান্ডায়; ইল জর্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রাতো শহরে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত হয়েছে, যা চলতি শতাব্দীতে খুবই বিরল একটি ঘটনা বলে মন্তব্য করেছেন আবহাওয়াবিদরা। মধ্য ও দক্ষিণ ইতালিতেও পরিস্থিতি অস্বাভাবিক; ফ্লোরেন্সে মাইনাস ৪ ডিগ্রি, নোরচায় মাইনাস ১১ এবং আমাত্রিচে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা অন্তত এক দশকের মধ্যে নজিরবিহীন হিসেবে বিবেচিত হচ্ছে।
জনপ্রিয় আবহাওয়া প্ল্যাটফর্ম ও বিশেষজ্ঞদের বিশ্লেষণে জানানো হয়েছে, উত্তরের আর্টিক অঞ্চল থেকে নেমে আসা তীব্র শীতল বায়ু এবং দুর্বল হয়ে পড়া পোলার ভোর্টেক্সের প্রভাবে গড়ে উঠেছে এই অস্বাভাবিক শৈত্যপ্রবাহ, যা ইতালিতে জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে, ২০২৫ সালের ডিসেম্বরকে মিলানসহ বিভিন্ন শহর ইতিহাসের অন্যতম উষ্ণ ডিসেম্বর হিসেবে চিহ্নিত করার পরপরই এমন ভয়াবহ শীতের প্রভাব জলবায়ুর চরম অস্থিরতার দিকটি আরও স্পষ্ট করেছে বলে উল্লেখ করেছে কোরিয়েরে দেল্লা সেরা। আবহাওয়াবিদদের মতে, চলতি শীত মৌসুমের এই পরিস্থিতি সাম্প্রতিক এক দশক তো বটেই, পুরো একুশ শতকের মধ্যেও অত্যন্ত বিরল একটি জলবায়ু ঘটনা হিসেবে নথিভুক্ত হয়ে থাকবে।