রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরান সরকারের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল এই প্রতিক্রিয়ায় তিনি ইরানকে প্রকাশ্যে ‘ধন্যবাদ’ জানান।
শুক্রবার হোয়াইট হাউস ত্যাগ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান সরকার ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত বাতিল করেছে। বিষয়টিকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও একই বক্তব্য তুলে ধরে ইরান সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরান যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ৮০০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল, কিন্তু তারা তা স্থগিত করেছে। আমি এর জন্য তাদের সম্মান জানাই।”
এর আগে ইরানে চলমান বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটিতে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে সাম্প্রতিক এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, মৃত্যুদণ্ড স্থগিতের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ আপাতত শিথিল হতে পারে।
এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কেউ তাকে প্রভাবিত করেনি। তিনি বলেন, “কেউ আমাকে বোঝায়নি। আমি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছি।” তবে ইরান সরকারের কার সঙ্গে আলোচনার ভিত্তিতে এই তথ্য নিশ্চিত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
এদিকে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’র তথ্যমতে, বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৭৯৭ জন। রাজধানী তেহরানসহ বড় শহরগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দেশজুড়ে এখনও ইন্টারনেট সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
অন্যদিকে, ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি যুক্তরাষ্ট্রকে দেওয়া হস্তক্ষেপের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, মার্কিন প্রেসিডেন্ট তার পূর্বঘোষিত অবস্থান থেকে সরে আসবেন না।মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত