সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আগামী সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েত করার ঘোষণা দেওয়া হয়েছে। মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী কঠোর কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতারা।
শনিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত বছরের সেপ্টেম্বরে প্রকাশের পর বিভিন্ন মতামতের ভিত্তিতে তা সংশোধন ও হালনাগাদ করা হয়। পরে গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
আন্দোলনকারীদের দাবি, রাষ্ট্রপতির পক্ষ থেকে অবিলম্বে চূড়ান্ত অধ্যাদেশ জারি না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। সে লক্ষ্যেই সোমবার সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে নতুন ধাপে কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে একই দাবিতে গত ১৪ ও ১৫ জানুয়ারি সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ব্যাপক জনভোগান্তি দেখা দেয়। নতুন করে গণজমায়েতের ঘোষণায় ফের রাজধানীতে ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।