যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান বলেছেন, বর্তমানে বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের যুগ চলছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “মিস্টার ট্রাম্প, আপনি বাংলাদেশে আসুন—আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।” শুক্রবার (১৬ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের আয়োজিত শোকসভায় তিনি এ বক্তব্য দেন।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল তিনটার দিকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোকসভার কার্যক্রম শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
শফিক রেহমান বলেন, তাঁর দৃঢ় বিশ্বাস, ম্যাডাম খালেদা জিয়া যদি ৭ নভেম্বর না যেতেন, তাহলে তিনি আরও কিছুদিন সুস্থ থাকতে পারতেন। তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জীবনের প্রথম ভোট দেওয়ার আগে যেন তারা এই অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যগুলো গভীরভাবে অনুধাবন করে।
তিনি আরও বলেন, দেশ বর্তমানে অত্যন্ত সংকটময় সময় পার করছে। এমন পরিস্থিতিতে যদি একটি গুলিতেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যেতে পারে। তাই সবাই চায়, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হোক। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ডক্টর ইউনূস গ্যারান্টি দিচ্ছেন যে এবারের নির্বাচন হবে অত্যন্ত আনন্দময় ও গ্রহণযোগ্য।
ভোটারদের উদ্দেশে শফিক রেহমান বলেন, যারা ভোট চাইতে আসবেন, তাদের কাছে সাধারণ মানুষকে প্রশ্ন করতে হবে—চাল, ডাল ও চিনির দাম স্থিতিশীল থাকবে কি না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে কি না, এবং ব্যাংকে আমানত রাখা মানুষের অর্থ নিরাপদ থাকবে কি না।
শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, তাঁর একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ কায়সার ও কাজী জেসিন।