বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তের প্রেক্ষিতে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিবাসী ভিসা স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্র কিছু কারণ উল্লেখ করেছে। বিষয়টি একেবারেই নতুন মাত্র গতকালই তারা এই সিদ্ধান্ত জানিয়েছে। ফলে এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টারা বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা চালাবেন।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, “আমরা নিশ্চিতভাবেই একটি কার্যকর কৌশল নির্ধারণের চেষ্টা করবো, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের মাধ্যমে পরিস্থিতির সমাধান খোঁজা যায়।”
ভিসা বন্ডের নতুন নীতি জারির কয়েকদিন পরই এ সিদ্ধান্ত আসায় অনেকের মনে প্রশ্ন উঠেছে—বাংলাদেশ কি ইচ্ছাকৃতভাবে টার্গেট হয়েছে? এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “এটা সরাসরি বাংলাদেশকে লক্ষ্য করে করা হয়েছে বলে মনে করি না। সাধারণত যেসব দেশ থেকে অভিবাসনপ্রবণতা বেশি, যেখানে অনেক মানুষ গিয়ে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় চায় বা সামাজিক পরিষেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ে সেসব দেশের ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র এ ধরনের নতুন শর্ত বা নিষেধাজ্ঞা আরোপ করছে।”
তিনি আরও বলেন, “এটা যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব নীতি। এখন আমাদের দেখতে হবে এখানে আমাদের কী ধরনের অসুবিধা হচ্ছে এবং কী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত—এগুলো নিয়েই আমরা আলোচনা করবো।”