বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের নেতারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তারা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের একটি আয়োজন ছিল।
সাক্ষাৎকালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং সমসাময়িক বিষয় নিয়ে পারস্পরিক মতবিনিময় করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা সাক্ষাতে অংশ নেন।