জাটকা ও ইলিশ সংরক্ষণে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে মোট ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা। জাটকা ও ইলিশের প্রজনন ও উৎপাদন সুরক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এ সময় হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাদা ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, জাটকা নিধন ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।