যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে এসে পৌঁছেছে, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফিকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এটি ফিফার ট্রফি ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে চতুর্থবারের মতো সফর। এ সময় ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
আগামী ১১ জুন মেক্সিকোতে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ইতিহাসে প্রথমবারের মতো এই আসরে ৪৮টি দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপ শুরুর আগেই ফিফার ঐতিহ্যবাহী ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পেয়ে রোমাঞ্চিত দেশের ফুটবলপ্রেমীরা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিশ্বকাপ ট্রফিটি ঢাকার পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ট্রফিটি রাখা হবে। কোকাকোলা স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানে কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরাই সরাসরি ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের বৈধ টিকিটের প্রিন্ট কপি বা স্ক্রিনশট এবং কোকা-কোলার ক্যাপ প্রদর্শন বাধ্যতামূলক।
আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জন্য কিছু নিয়ম-শর্ত নির্ধারণ করা হয়েছে। ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিট হস্তান্তর এবং কোনো দেশের পতাকা নিয়ে প্রবেশের অনুমতি নেই। এছাড়া ধারালো ও নিষিদ্ধ সামগ্রী বহন করাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্বকাপ ট্রফির এই বাংলাদেশ সফর দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজকরা। একই সঙ্গে এটি আসন্ন বিশ্বকাপের উত্তেজনা ও উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলবে।