জাপানের ওয়াকায়ামা প্রদেশের কিশিগাওয়া লাইনের কিশি স্টেশনে নতুন করে স্টেশনমাস্টার হিসেবে নিয়োগ পেয়েছে একটি বিড়াল। ‘ইয়োনতামা’ নামের ক্যালিকো রঙের এই বিড়ালকে বুধবার আনুষ্ঠানিকভাবে স্টেশনমাস্টার হিসেবে ঘোষণা করে ওয়াকায়ামা ইলেকট্রিক রেলওয়ে কর্তৃপক্ষ।
নিয়োগ অনুষ্ঠান চলাকালে রেলওয়ের প্রেসিডেন্ট মিতসুনোবু কোজিমা ইয়োনতামার গলায় পদক পরিয়ে দেন। এ সময় স্থানীয় বাসিন্দা, ভক্ত, আলোকচিত্রী এবং রেলওয়ের কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি ছিল। ইয়োনতামা কিশিগাওয়া লাইনের তৃতীয় বিড়াল স্টেশনমাস্টার। তার পূর্বসূরি নিতামা গত বছরের নভেম্বর মাসে মারা গেলে তাকে সম্মানসূচক স্টেশনমাস্টার ঘোষণা করা হয়।
একই অনুষ্ঠানে নতুন ‘স্টেশনমাস্টার প্রার্থী’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আরেকটি বিড়াল—রোকুতামাকে। গত বসন্তে উদ্ধার করা এই তরুণ বিড়ালটিকে ধাপে ধাপে দায়িত্ব পালনে অভ্যস্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথমবারের মতো একটি পথবিড়াল ‘তামা’-কে স্টেশনমাস্টার হিসেবে নিয়োগ দেওয়ার পর কিশিগাওয়া লাইন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পর্যটকদের আগমনে রেললাইনের আর্থিক অবস্থাও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়।
গবেষকদের মতে, তামার কারণে কয়েক বছরের মধ্যেই শত কোটি ইয়েনের বেশি অর্থনৈতিক সুফল আসে।
ইয়োনতামার নিয়োগের মাধ্যমে এই ব্যতিক্রমী ঐতিহ্য অব্যাহত রাখার আশা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। তাদের মতে, এই বিড়াল স্টেশনমাস্টাররা শুধু প্রতীকী নয়, বরং স্থানীয় রেলপথ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ দূত হিসেবেও ভূমিকা রাখছে।