আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি।
কুমিল্লার দাউদকান্দির বাসিন্দা হলেও মাধবপুরে শ্বশুরবাড়ি থাকার সূত্রে তিনি এই আসন থেকে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, তাহেরির বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান রয়েছে। তবে এসব মামলাই ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পেশা হিসেবে তিনি হলফনামায় ‘ব্যবসা’ উল্লেখ করেছেন।
এ বিষয়ে গিয়াস উদ্দিন তাহেরি জানান, ওয়াজ মাহফিল থেকে প্রাপ্ত সম্মানীকেই তিনি ব্যবসায়িক আয় হিসেবে দেখিয়েছেন।
হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয়ের প্রধান উৎস মাহফিলের সম্মানী, যা বছরে প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা। এ ছাড়া কৃষি খাত থেকে ২৬ হাজার ৪০০ টাকা এবং ব্যাংক সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা আয় করেন তিনি।
অস্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, তাহেরির হাতে নগদ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। ব্যক্তিগত সম্পদের মধ্যে তার নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ, যার মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। তিনি জানান, এসব স্বর্ণ তার স্ত্রী ও কন্যারা ব্যবহার করেন। তার স্ত্রীর নামে আলাদা কোনো সম্পদ বা স্বর্ণালঙ্কার নেই।
এ ছাড়া তার আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা।
স্থাবর সম্পদের বিষয়ে তাহেরি জানান, পরিবারের প্রধান হিসেবে সব সম্পত্তি তার নিজের নামেই ক্রয় করা হয়েছে। এর মধ্যে তার মালিকানাধীন কৃষিজমির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা।
হলফনামায় উল্লিখিত সকল তথ্য সঠিক ও সত্য বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই প্রার্থী।