কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
স্থানীয়দের বরাতে মহেশখালীর সাংবাদিক আব্দু রশিদ জানান, হঠাৎ করে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে আগুন জ্বলতে দেখা যায়। পরে দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।