চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ রাখতে হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা ও ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭ সনের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের বিধান অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ ধাপে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ যাতায়াত নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই প্রথম বা শেষ ধাপে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।
নির্ধারিত নীতিমালা অনুসরণ করে দ্রুত ফ্লাইট সূচি চূড়ান্তকরণ, টিকিট ইস্যু ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।