বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়েছে। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে টেকনাফে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন যুবক।
রোববার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হুজাইফা সুলতানা আফনান। আহত আদিল নামের যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, গত কয়েক দিন ধরে হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার সীমান্ত এলাকায় এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গোলাগুলির একপর্যায়ে আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এ সময় ছোড়া গুলিতে এক শিশু ও এক যুবক আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ করেন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারসহ বিজিবির কঠোর পদক্ষেপের দাবি জানান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবর্ষণের ঘটনায় এক শিশু নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।