হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকেই তার নির্বাচনী যাত্রার সূচনা হবে।
শনিবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি সিলেটে পৌঁছে মাজার জিয়ারত শেষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন তিনি।
এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রার্থী হচ্ছেন তারেক রহমান। তিনি বগুড়া-৬ (সদর) আসনের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৭ থেকেও বিএনপির প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। এ আসনে তারেক রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচন আচরণবিধি অনুসরণ করে প্রচার-প্রচারণা চালাতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ থাকবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির স্থায়ী কমিটির সিদ্ধান্তে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাজার জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি শুরুকে বিএনপির ঐতিহ্যবাহী রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখা হচ্ছে।