উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা, উত্তরের হিমেল বাতাস ও কম তাপমাত্রার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।
রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
এর আগের দিন শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি। এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, ‘গত দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই এলাকায় অবস্থান করেছিল। বর্তমানে জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে এবং আগামী কয়েক দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’
এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে ভোরের দিকে সড়কে যান চলাচলে ধীরগতি দেখা গেছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।