চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে অবৈধ দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত অস্ত্রগুলো ভারত থেকে পাচার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর বিওপির একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মহানন্দা ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্র ও চোরাচালান রোধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।