বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তামিমকে ‘ভারতীয় এজেন্ট’ ও ‘ভারতীয় দালাল’ আখ্যা দেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে। ফেসবুকে তামিম ইকবালের একটি বক্তব্যের ফটোকার্ড শেয়ার করে নাজমুল ইসলাম লেখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।” পোস্টটি কিছু সময় অনলাইনে থাকায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে তিনি সেটি মুছে ফেলেন।
এই বিতর্কের পেছনে রয়েছে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়া এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত। এ বিষয়ে এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার বদলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ, নিরাপত্তা ও আর্থিক বাস্তবতা বিবেচনায় আলোচনা জরুরি। তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের ক্রিকেটের বড় অংশের আয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আসে।
পরবর্তীতে নাজমুল ইসলাম আরেকটি ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, মোস্তাফিজ ইস্যুতে নিরাপত্তা ঝুঁকির কারণে ক্রীড়া উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর বিষয়ে আলোচনা করতে বলেছেন। সেই প্রেক্ষাপটেই তিনি তামিমের বক্তব্যের সমালোচনা করেছেন বলে জানান এবং মন্তব্যটিকে নিজের ‘ব্যক্তিগত মতামত’ হিসেবে উল্লেখ করেন।
এ ঘটনায় তামিম ইকবাল এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে জাতীয় দলের বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার ক্ষোভ প্রকাশ করেছেন। তাইজুল ইসলাম, মুমিনুল হক ও তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যটিকে অগ্রহণযোগ্য, রুচিহীন ও ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী বলে আখ্যা দেন। তারা প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং নাজমুল ইসলামকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
এছাড়া ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক বিবৃতিতে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, একজন দায়িত্বশীল বোর্ড কর্মকর্তার এমন বক্তব্য পুরো ক্রিকেট সমাজের জন্যই অপমানজনক।