ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু বিজয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ২১টি পদের মধ্যে ১৬টিতে জয়লাভ করেছে। এর পেছনে কৌশলী প্যানেল গঠন, জুলাই আন্দোলনের পরিচিত মুখসহ স্বতন্ত্র প্রার্থীদের অন্তর্ভুক্তি এবং নিয়মিত সাংগঠনিক কাজের মাধ্যমে গড়া ভোটব্যাংক প্রধান ভূমিকা পালন করেছে।
প্রধান পদগুলোতে শিবির প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়েছে ভিপি রিয়াজুল ইসলাম ৫৫৫৮ ভোট, জিএস আবদুল আলিম আরিফ ৫০৪৭৫ ভোট পান, যেখানে ছাত্রদল–সমর্থিত প্রতিদ্বন্দ্বীরা অনেক পিছিয়ে পড়েন। বিজয়ীরা বেশিরভাগই জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন, যা তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।
প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের পরাজয়ের মূলে অভ্যন্তরীণ গ্রুপিং ও দুর্বল সমন্বয়। দীর্ঘদিনের নেতাদের বাদ দিয়ে নতুন মুখ মনোনয়ন এবং জোটসঙ্গীদের পক্ষে পদ ছেড়ে দেওয়ায় নেতাকর্মীরা মনঃক্ষুণ্ণ হন। বাম জোট ও ছাত্রশক্তি সমর্থিত প্যানেলও ভোট টানতে ব্যর্থ হয়।
এর ফলে ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর পর জকসুতেও শিবির একক আধিপত্য প্রতিষ্ঠা করে ক্যাম্পাস রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করেছে।