আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে জানানো হয়, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি দায়িত্ব পালন করবে। তবে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি—এই ছয়টি উপজেলা বিজিবি মোতায়েনের আওতার বাইরে থাকবে।
পরিপত্র অনুযায়ী, ভোটগ্রহণের চার দিন আগে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিজিবি মোতায়েন কার্যক্রম শুরু হবে, যা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সারাদেশে ১ হাজার ১৫১টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের আওতায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের ৩০০টি সংসদীয় আসনের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে প্রায় ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর ৮ লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৫০ হাজার সদস্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৩৫ হাজার বিজিবি সদস্য সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
নির্বাচনকালীন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্ট গার্ডও সহায়ক ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।