নরসিংদীর মাধবদীতে মাদক ছাড়াতে গিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে ছোট দুই ভাইয়ের আঘাতে। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (৩৬) পুরানচর গ্রামের বাসিন্দা ও মুসা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে মাদক থেকে ফিরিয়ে আনতে পরিবার বারবার চেষ্টা করলেও তাতে কোনো সুফল আসেনি।
ঘটনার রাতে ঘরের ভেতরে মাদক ছাড়ার বিষয়টি নিয়ে রমজান আলীর সঙ্গে তার দুই ছোট ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের তর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ছোট দুই ভাইয়ের আঘাতে গুরুতর আহত হন রমজান আলী।
পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, রমজান আলী চার কন্যা সন্তানের জনক। তাদের ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তিনি এই ঘটনার জন্য দেবরদের দায়ী করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই ভাইদের আঘাতে রমজান আলীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।